Sunday, February 16, 2020

বাবা জটিলেশ্বর মন্দির >P

বাবা জটিলেশ্বর মন্দির 


বাবা জটিলেশ্বর মন্দির 






হুগলী  জেলা বাংলার পুরাকীর্তির ও স্থাপত্যের ইতিহাসে বরাবরই উজ্জ্বল হয়ে আছে। ব্যান্ডেল গির্জা, ফুর ফূরাহ শরিফ, ইমামবাড়া, শ্রীরামকৃষ্ণ মন্দির, ষাঁড়েশ্বরতলা মন্দির, হংসেশ্বরী মন্দির, বৃন্দাবন জিউ মন্দির, নৃত্যগোপাল স্মৃতি মন্দির, আঁটপুর মঠ, ওয়াচ টাওয়ার, জাফরগঞ্জ কবরস্থান, জয় কৃষ্ণ লাইব্রেরী, সেন্ট ওলাফের গির্জা, চার্চ অফ সেক্রে কোয়ের ডি জেসু, বৌদ্ধ মন্দির, লাইট হাউস টম্ব, চন্দননগর মিউজিয়াম, চন্দননগর গির্জা, নন্দদুলাল মন্দির ইত্যাদি জেলা পর্যটনের অন্যতম গন্তব্য স্থান।

হুগলী  জেলার চুঁচুড়া শহর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শহর। শহরটি জেলার সদর শহর হিসেবে পরিচিত। হুগলী  নদীর তীরে শহরটি গড়ে উঠেছে। ওলন্দাজদের হাত ধরেই শহরটির গোড়াপত্তন হয়। মুঘল কর্তৃক পর্তুগীজদের বিতরনের পর ১৬৩২ সালে ওলন্দাজরা হুগলীতে আসে।  তারা ১৬৩৮, ১৬৫০, এবং ১৬৬২ সালে মুঘল সম্রাটের নিকট হতে চুঁচুড়াতে ব্যবসা করার ছাড়পত্র বা হুকুমনামা লাভ করে।  ওলন্দাজ নৌ-সেনাপতি ভ্যান দাড় ব্র্যাক ১৫৫৩ সালে চুঁচুড়ায় কুঠি স্থাপন করেন। তিনি পরবর্তী প্রায় ৫৭ বছর এখানে বাণিজ্য করেন এবং তিনিই  চুঁচুড়া শহরের পত্তন করেন। ওলন্দাজদের  ক্রমবর্ধমান ব্যবসা বৃদ্ধি ও ক্ষমতা বৃদ্ধি তৎকালীন ইংরেজ সকারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ১৭৫৯ সালে বিদেরার যুদ্ধে ইংরেজরা ওলন্দাজদের পরাজিত করার পর জেলাটি ইংরেজদের অধীনে চলে আসে।  শহরের আনাচে কানাচে ইতিহাস ছড়িয়ে রয়েছে। এক সময় ওলন্দাজদের বন্দর ছিল এই শহরেই।


বাবা জটিলেশ্বরের রথ 

 চুঁচুড়ার কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের সিমলা অঞ্চলে বাবা জটিলেশ্বর মন্দিরটি অবস্থিত। মন্দিরটি খুবই ঐতিহ্যহবাহী ও জাগ্রত এক মন্দির। শোনা কথা, সরস্বতী নদী থেকে মন্দিরে প্রতিষ্ঠিত বাবা জটিলেশ্বরকে পাওয়া গিয়েছিল। শিব এখানে জটিলেশ্বর রূপে বিরাজ করছেন। অক্ষয় তৃতীয়ার দিনে মন্দির ও মন্দির সংলগ্ন অঞ্চলে প্রতি বছর বাৎসরিক উৎসব হয়।  এই উৎসবকে কেন্দ্র করে একটি বিরাট রথযাত্রা অনুষ্ঠিত হয়। অসময়ের এই রথযাত্রা ও তাকে কেন্দ্র করে বিশাল মেলাও বসে। এই মেলায় যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই দিনটিতে বিশেষ পুজোও হয়। চিরাচরিত প্রথা মেনে রথে বাবা জটিলেশ্বরকে নিয়ে শহরে প্রমোদ ভ্রমণ করানো হয়। বহু লোকের সমাগম হয় সেই দিনটিতে। লোকের বিশ্বাস বাবার কাছে মানত করলে জটিল রোগ থেকে মুক্তি মেলে। সেই কারনে বাবার নাম জটিলেশ্বর হয়েছে। বাবার আবির্ভাব ও মন্দির স্থাপনার সন সম্বন্ধে স্থানীয় লোকেরা কিছু জানাতে পারলেন না। কেউ বললেন শত বৎসর উত্তীর্ণ আবার কারো কারো ধারণা ২০০ বছর পেরিয়ে গেছে। তবে একজন বয়স্ক জানালেন যে, স্থানীয় বাসিন্দাদের নিয়ে গড়ে তোলা যাত্রার দল প্রায় ১১২-১৩ বছর ধরে মেলার সময় যাত্রা করে চলেছে। সেই হিসেব ধরলে এখানকার মন্দির শত বৎসর অতিক্রান্ত। এই অকাল মেলাটি চলে আরো বেশ কয়েকদিন ধরে। 



ছবি ও  লেখার সত্ব  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ১৬-০২-২০২০

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০
➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 



Monday, February 10, 2020

অস্তাচলে রাতের তারা >P

অস্তাচলে রাতের তারা 



"শরীর, শরীর। আমার এই শরীর নিয়েই তো সব কিছু। তাই জানো, শেষ জীবনে এই শরীরটাই দান করে দিয়ে যেতে চাই।  যদি কারো কোনও কাজে লাগে।  বলতে পারো, এটাই আমার শেষ ইচ্ছে।" মৃত্যুর  কয়েক মাস আগে তিনি এক সাক্ষাৎকারে কথাগুলি বলেছিলেন।


আরতি দাস হয়ে উঠেছিলেন মিস শেফালী। তিনি ছিলেন ছয় ও সাতের দশকের খ্যাতনামা নর্তকী, কলকাতার প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার। বাংলা চলচিত্রের "কুইন অফ ক্যাবারে" আজ আর আমাদের মধ্যে নেই। গত ৬ই ফেব্রুয়ারী, ২০২০ বৃহস্পতিবার সোদপুরের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।  বহুদিন তিনি কিড়নির রোগে শয্যাশায়ী ছিলেন  তাঁর পায়ের ছন্দ, শরীরী বিহঙ্গ এক সময় আমাদের তিলোত্তমাকে তোলপাড় করে দিয়েছিল। আহিরীটোলার এক ঘিঞ্জি বাড়ি থেকে বিনোদন জগতের ঝলমলে আলোয় উঠে আসা এক মধ্যবর্তী বাঙালি মেয়ের নাম আরতি ওরফে শেফালী। 

আহিরীটোলার গরিব পরিবারের কন্যা ছিলেন আরতি। ছয় মাস বয়সে বাবা-মার হাত ধরে পূর্ববঙ্গের নারায়ণগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন। ১৯৪৪ সালে নারায়ণগঞ্জে জন্ম হয়েছিল।  কলকাতায় আসার পর প্রবল আর্থিক অনটনের মধ্য দিয়ে তাঁদের পরিবারকে যেতে হয়। আধপেটা খেয়ে কোনো মতে তাঁদের দিন চলতো। অর্থের এভাবে তাঁর পড়াশোনা করা সম্ভব হয়নি।  বাবা একটা ফলের দোকানে কাজ নিয়েছিলেন। মা পরিচারিকার কাজ করতেন।  তাঁদের  সামান্য আয়ে সংসার চালানো মুশকিল হচ্ছিল। সংসারের হাল ধরার জন্য মাত্র ১১ বছর বয়সে আরতিকে রোজগারের আশায় কাজের জগতে ঢুকতে হয়েছে। তিনি চৌরঙ্গী এলাকার একটা  এংলো ইন্ডিয়ান পরিবারে পরিচারিকার কাজ নিয়েছিলেন। এই পরিবারে প্রায় প্রতিদিন সন্ধ্যায় নাচ-গান ও খানাপিনা আয়োজন করা হতো। কিশোরী আরতি পর্দার আড়াল থেকে নাচ দেখতো। তখনই তাঁর নাচের প্রতি একটা আকর্ষণ জন্মায়। একদিন ভিভিয়ান নামে এক সাহেবের কাছে তাঁর নাচের ইচ্ছের কথা জানান। সেই ভিভিয়ান  তাঁকে ফিরপোজ হোটেলে নাচের জন্য ব্যবস্থা করে দেন। এখানেই তাঁর ক্যাবারে নাচের হাতেখড়ি। মাসের শেষে তাঁকে ৭০০ টাকা মেইনে  দেওয়া হবে শুনে নাবালিকা আরতি বেজায় খুশি হয়েছিলেন। বাঙালি মেয়ে ক্যাবারে নাচছে। মধ্যবিত্ত বাঙালির মূল্যবোধে আঘাত হানলো। বাবা ও বাড়ির অন্যান্যরাও আপত্তি তুললো। সমাজও ভালোভাবে নিলোনা। সকলের  আপত্তিকে অবজ্ঞা করে চরম দারিদ্য দেখা আরতি তাঁর নাচ চালিয়ে গিয়েছিল। এই ফিরপোজ হোটেলের মালিক তাঁর আরতি নাম পরিবর্তন করে "মিস শেফালী" নাম দিয়েছিলেন।

ইউরোপীয় নৃত্যশিল্পীরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছিলো, সুযোগ বাড়ছিল স্থানীয়দের। আরতির কপালে এই সময় সুবর্ণ সুযোগটা এসে গিয়েছিল।  তারপর ফিরপোজ হোটেল থেকে পার্ক স্ট্রিট হয়ে ওবেরয় গ্রান্ড হোটেলে  গানের সুরের সাথে পা মিলিয়ে তিনি "মিস শেফালী" নামের মর্যাদা রেখেছিলেন পরবর্তীকালে টালিউড থেকে বলিউডের চলচ্চিত্র  জগৎকেও  নাচের ছন্দে তিনি মাতিয়ে তুলেছিলেন। তাঁর রূপের ছটায় মুগ্ধ হতেন যুবক থেকে বৃদ্ধ সবাই।  প্রথম শোয়ের পোশাক দেখে তিনি কেঁদে ফেলেছিলেন, কিন্তু সংসারের দারিদ্র্যতার কথা ভেবে মুখ বুজিয়ে নাচে মন দিয়েছিলেন। প্রথম দিনই তাঁর নাচ সুপার ডুপার হিট হয়ে যায়। হাততালিতে হল সরগরম হয়ে ওঠে। তখন তাঁর কোনো রকম নাচের তালিম ছিল না। দেখে দেখে যেটুকু শেখা ও ফিরপোজের তত্ত্বাবধানে কিছু নাচ শেখা। পরবর্তীকালে তিনি চার্লস্টন, ক্যান ক্যান, টুইস্ট, বেলি ড্যান্স ইত্যাদি নাচের তালিম নেন। কিছুদিনের মধ্যেই তিনি শহরের সাহেবি হোটেলগুলোতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন।  একের পর এক হোটেলে তিনি ক্যাবারে ড্যান্সার হিসেবে ঝড় তুললেন। তাঁর নাচ দেখার জন্য কলকাতার নিশিনিলয়গুলোতে ভিড় বাড়তে থাকে, উড়তে থাকে মদের ফোয়ারা, বাড়তে থাকে হোটেলগুলোর লভ্যাংশ। তিনি হয়ে উঠেছিলেন সাতের দশকের হাটথ্রম। তাঁর নাচের গুণে আবদ্ধ তখনকার কিশোর, যুবক থেকে বৃদ্ধ সকলেই।

ধীরে ধীরে তিনি থিয়েটার ও চলচ্চিত্র জগতে পা রাখেন।  বিশ্বরূপা থিয়েটারে যোগদান করেন।  প্রথম "চৌরঙ্গী" নাটকে তরুণকুমারের সাথে অভিনয় করেন। তারপর সারকারিনায় "সম্রাট ও সুন্দরী" নাটকে অভিনয় করেন। এই "সম্রাট ও সুন্দরী" নাটক তাঁকে  খ্যাতির উচ্চসীমায় তুলে দেয়। তাঁর অভিনয় দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়।  পরবর্তীকালে বেশ কয়েকটি সিনেমাতেও এই লাস্যময়ী অভিনেত্রীকে দেখা গেছে। সত্যজিৎ রায়ের ১৯৭০ সালে নির্মিত  "প্রতিদ্বন্দ্বী", ১৯৭১ সালে "সীমাবদ্ধ" সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন।এছাড়া ১৯৭৬ সালে "বহ্নিশিখা",  ১৯৯২ সালে নির্মিত "পেন্নাম কলকাতা" সিনেমাতেও তাঁকে দেখা গেছে। সুপ্রিয়া দেবী, উত্তমকুমার, বিশ্বজিৎ, তরুণ কুমার, উৎপল দত্তের মতো কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীদের সাথে তিনি অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন। অমিতাভ বচ্চন তাঁর নাচের গুণমুগ্ধ ভক্ত ছিলেন চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ ও থিয়েটারেও  সমানতালে অভিনয় চালিয়ে গিয়েছিলেন। "সম্রাট ও সুন্দরী", "সাহেব বিবি গোলাম" ও "অশ্লীল" নাটকে তাঁর অভিনয় যথেষ্ট সুনাম কুড়িয়েছিল। তাঁর শো মানেই তখন হাউসফুল থাকতো। অমিতাভ বচ্চন ও উত্তমকুমারের সঙ্গে তাঁর খুবই সুসম্পর্ক ছিল।

সারাজীবন যেটুকু ভালোবাসা পেয়েছিলেন তাতেই তিনি খুশি ছিলেন। কিন্তু তাঁর আক্ষেপ ছিল তাঁর যৌবনের আবেদনটাকেই বাঙালি গোগ্রাসে গিলেছে। খুব কম মানুষের কাছ থেকেই একজন স্বাবলম্বী নারীর মর্যাদা তিনি পেয়েছেন।  তাঁর শরীরী আবেদনে বহু পুরুষ সারা দিয়েছে, প্রেম করেছে, কিন্তু স্ত্রীর মর্যাদা  কেউ তাঁকে দেয় নি। তাঁর ইচ্ছে ছিল, তাঁর বায়োপিক হলে তাঁর চরিত্রে যেন অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া, ইচ্ছে ছিল ডান্স রিয়ালিটি শোয়ে বিচারকের আসন অলংকৃত করার। কিন্তু তাঁকে কেউই সেই সুযোগ দেন নি। শেষ জীবনে তাই  অভিমানে নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন।

শেফালী বিয়ে করেননি কিন্তু পরিবারের সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এরপর একদিন লাইমলাইট থেকে হারিয়ে যান। দিনের পর দিন কাজ না পাওয়ার যন্ত্রনায় ভুগেছেন। শিল্পী সংসদ থেকে দু-একবার  সামান্য সাহায্যে পেয়েছিলেন। তিনি একবার বলেছিলেন "দুহাতে যেমন রোজগার করেছি, তেমন টাকাও উড়িয়েছি। নিজের ভালো-মন্দ কিছুই তো ছাই বুঝতে পারতাম না। ইস, তখন যদি একজন ভালো গাইড পেতাম।  যে আমাকে আগলে রাখতে পারতো। তবুও এসবের মধ্যেও যে নাগেরবাজারে ফ্ল্যাট কিনেছি, সোদপুরে বাড়ি বানাতে পেরেছি, সেটাই ঢের।" তিনি কোনোদিনই সঞ্চয়ী ছিলেন না, বরং লোকের বিপদে আপদে সাধ্যমতো সহায়তা করতেন। বহু টাকা রোজগার করলেও তাঁর শেষজীবন খুবই অর্থকষ্টে ও শারীরিক অসুস্থতায় কেটেছে।  তাঁর ব্যক্তিগত জীবন খুবই বর্ণময় ছিল, অবশেষে জীবন প্রদীপটি চিরতরে নিভে গেল, একটা  যুগের অবসান ঘটলো। বিনোদন জগতের আর এক নক্ষত্রের পতন ঘটলো। ভারতবাসী যেমন হিন্দি সিনেমার হেলেনের কথা চিরদিন মনে রাখবে তেমন বাঙালিরাও মিস শেফালিকে চিরদিন তাদের মনের ভিতরে রেখে দেবে। নাম যখন শেফালী তখন ভোরেই ঝরে যাওয়ার কথা।  তিনি গেলেনও তাই। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।




ছবি ও  লেখার সত্ব  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ১০-০২-২০২০

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০
➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 





Thursday, January 30, 2020

জীবন-জীবিকা (তৃতীয় পর্ব )>P



ক্ষৌরকার






শরীরের যে অংশ নিয়ে মানুষের সবচেয়ে দুর্বলতা রয়েছে, তা হল তার কেশবিন্যাস। এটি কমতে থাকলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। কেশ বা চুলকে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই নগন্য। ছেলেদের কেউ বড়, কেউ ছোট আকারে চুল রাখতে পছন্দ করে আবার বর্তমানে মুন্ডিত মস্তক লক্ষ্য করা যায়।  মেয়েরা কেউ কেউ লম্বা চুলে বেণী বাঁধতে যেমন পছন্দ করে তেমন কেউ আবার বব  কাট  চুল রাখতে পছন্দ করে থাকে।  বর্তমানে আবার চুলের রঙ পরিবর্তন করে নানান রঙে রঙিন  করার চল হয়েছে। সৌন্দর্য ও মর্যাদার বহিঃ প্রকাশই হলো মানুষের কেশবিন্যাস। আমাদের এই কেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য নাপিত বা ক্ষৌরকারদের প্রয়োজন হয়। তাদের পরামানিক ও কেশবিন্যাসকারীও বলা হয়ে থাকে।

নাপিত বা ক্ষৌরকারদের পেশা একটি বৈধ পেশা।  তারা সমাজকর্মী হিসেবে গণ্য হয়ে থাকে।  হিন্দু ও মুসলমান উভয় সমাজে এই সম্প্রদায়ের লোকদের একটি সামাজিক প্রতিষ্ঠানস্বরূপ গণ্য করা হয়। জীবনের প্রতিস্তরে এই পেশার লোক ছাড়া হিন্দুদের চলে না।   তা সে দৈনন্দিন জীবনের চুল বা দাঁড়ি কাটা হোক বা জন্ম ও বিবাহ উৎসব অনুষ্ঠানে হোক।   কিছু  ধর্মীয় আচার-আচরণ তাদের দ্বারা পালন করতে হয়। হিন্দু ব্রাহ্মণ সন্তানদের উপনয়নের সময় ও পিতা-মাতার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মস্তক মুন্ডন করার জন্য এদের প্রয়োজন হয়। মানুষকে সেবা প্রদানের  মাধ্যমে উপার্জিত অর্থে তাদের সংসার যাপন চলে। পূর্বে এই ধরণের সেবা প্রদানের জন্য তারা অর্থের বদলে দ্রব্যসামগ্রী উপহারস্বরূপ পেত।

নাপিতরা নমঃ শূদ্র জাতিগোষ্ঠীর একটি অংশ। এরা নমঃশূদ্ররা ছিল সমাজের সবচেয়ে নীচু প্রজাতির নিম্ন সম্প্রদায়ের মানুষ হলেও এরা অস্পৃশ্য নয়। মানুষের সেবামূলক কাজগুলো করাই এদের প্রধান দায়িত্ব। আগে যেখানে শীল গোত্রের নমঃশূদ্ররাই এই কাজটি করতো। সময়ের পরিবর্তনে  ও বাঁচার তাগিদে অন্য গোত্রের হিন্দুরাও এই পেশায় সামিল হয়েছে।

নাপিতদের সাধারণত একটি দোকান থাকে, সেই দোকানকে বলা হয় "সেলুন"।  এই দোকানে বসেই তারা দৈনন্দিন পেশার কাজ করে।  যেসব নাপিতের সেলুন খোলার ক্ষমতা নেই তারা রাস্তার ধরে ইটের ওপর বসে কাজ চালিয়ে নেয়।  বাঙালিরা রসিকতা করে এই গুলোকে "ইটালিযান সেলুন" বলে থাকে। আগে বাড়ির বড়োরা এই ইতালিয়ান সেলুনে বসে চুল-দাঁড়ি কেটে রাস্তার কোলে স্নান সেরে তবে বাড়িতে ঢুকতো। আজকাল এই ধরনের ইতালিয়ান সেলুন খুব কম দেখা যায়। পাড়ার সেলুনগুলোও অনেক কমে গেছে।  তার বদলে এসে গেছে ঝা-চকচকে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন।  যার গাল  ভরা নাম দেওয়া হয়েছে ইংরেজদের থেকে ধার করে বিউটি পার্লার।   বর্তমানে  শহরের অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছে পুরুষদের ও মহিলাদের জন্য বিউটি পার্লার। কোনটা শুধুমাত্র মহিলাদের আবার কোনটা শুধুমাত্র পুরুষদের।  তবে কিছু পুরুষ-মহিলাদের পার্লার রয়েছে, যেগুলোকে বলা হয় ইউনিসেক্স পার্লার। ভিতরে ঢোকার জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দরজা রয়েছে।  সেখানে সাধারণত চুল কাটা, চুলে রঙ  করা, কনেকে সাজানো ইত্যাদি কাজ করা হয়ে থাকে।



ছবি ও  লেখার সত্ব  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ৩০-০১-২০২০

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০
➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 


Saturday, January 25, 2020

সচল বিশ্বনাথ >P

সচল বিশ্বনাথ 

"দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাঁহার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন।  তাঁর থাকায়  কাশী উজ্জ্বল হয়ে রয়েছে।  উঁচু জ্ঞানের অবস্থা।  শরীরের কোনো হুশই নেই, রোদে বালি এমনি তেতেছে যে, পা দেয় কার সাধ্য - সেই বালির ওপরেই সুখে শুয়ে আছেন। পায়েস রেঁধে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলাম। তখন কথা কন না - মৌনী।  ইশারায় জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন - সমাধিস্থ হয়ে দেখ তো এক, নইলে যতক্ষণ আমি, তুমি, জীব, জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে, ততক্ষন অনেক।  তাঁকে  দেখিয়ে হৃদেকে বলেছিলাম, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে।" 

                                                                                                   -   ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব


"সন্ন্যাসী হয়ে যদি উলঙ্গ থাকবে, তবে এই জনাকীর্ণ তীর্থস্থান ত্যাগ করে জঙ্গলে গিয়ে বাস করো।" মহিলাটি দীপ্তকণ্ঠে বেশ কয়েকবার কথাগুলো বলল তার সামনে দিয়ে আগত এক উলঙ্গ সন্ন্যাসীটিকে। কিন্তু তাতে সন্ন্যাসীটির কোনো ভ্রূক্ষেপ নেই। এই উলঙ্গ সন্ন্যাসী তখন হনুমান ঘটে বাস করেন।  এক সম্ভ্রান্ত ঘরের মহারাষ্ট্রীয় মহিলা এই ঘাটের পথ ধরে বাবা বিশ্বনাথের পুজো দিতে রোজই যেতেন। একদিন এক সরু গলি দিয়ে যাওয়ার সময় তিনি এই সন্ন্যাসীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে উপরোক্ত শ্লেষপূর্ণ তিরস্কারে তিরস্কৃত করেছিলেন।  মহিলাটির স্বামীর পেটে  বিরাট ক্ষত, ডাক্তার বদ্যিরা সব তাদের অক্ষমতা জানিয়ে দিয়েছেন।  স্বামীর রোগমুক্তির আশায় তিনি রোজ্ গঙ্গা স্নান করে বাবা বিশ্বনাথের পুজো দিতে যেতেন। তিরস্কার করার দিন রাতে তিনি এক স্বপ্ন দেখেছিলেন যে স্বয়ং মহাদেব তাকে বলছেন, "যে উদ্দেশ্য নিয়ে তুই রোজ আমার পুজো করিস, তোর সেই উদ্দেশ্য আমি সফল করতে পারবো না।" আরো বললেন "আজ তুই যে উলঙ্গ মহাযোগীকে অপমান করেছিস তার কৃপা পেলেই তোর মনোস্কামনা পূর্ণ হবে।" পরদিন সকাল বেলায় মহিলাটি হনুমান ঘাটে গিয়ে মহাযোগীর পা ধরে ক্ষমা চাইলেন আর তার স্বামীর প্রাণভিক্ষাও চাইলেন।  মহাযোগী তাকে ক্ষমা করলেন। স্বামীজী এক মুঠো ভস্ম তাকে দিয়ে বললেন স্বামীর দেহে পুরো ভস্মটি  মাখিয়ে দিতে। এই ভস্ম মাখানোর পর তার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন।


 সেই প্রাচীন কাল থেকেই কাশীতে কত সাধক-মহাসাধকদের পদধূলি পড়েছে।  নানা বইতে নানা আলোচনায় তাঁদের অলৌকিক মহিমার কথা উঠে এসেছে।  মহাত্মা মহাযোগী তৈলঙ্গস্বামীর বহু অলৌকিক ঘটনার সাক্ষী এই দেবভূমি।  প্রায় ১৫০ বছর তিনি কাশীতে বসবাস করেছেন। অলৌকিক শক্তির অধিকারী এক মহাযোগী। তাঁর সময় যত ভক্ত ও সাধক কাশীতে এসেছিলেন তাঁরা বাবা বিশ্বনাথ, দেবী অন্নপূর্ণা, মণিকর্ণিকা ঘাট ও দশাশ্বমেধ ঘাট দর্শন করার পর এই মহাত্মাকে দর্শন করে কাশী ত্যাগ করতেন।  কাশীর অধিবাসীরা তাঁকে "সচল বিশ্বনাথ" নামকরণ করেছিলেন।

তৈলঙ্গস্বামীর সন্ন্যাস নেওয়ার পূর্বে নাম ছিল "শিবরাম" আর সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছিল "গণপতি সরস্বতী"। তৈলঙ্গ দেশ থেকে আগত বলে তিনি কাশীর মানুষদের কাছে তৈলঙ্গস্বামী হিসেবে পরিচিত হলেন। সপ্তদশ শতকের মাঝামাঝি সময় তিনি অন্ধ্রপ্রদেশের হোলিয়া জনপদে এক রাজবংশে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতা নরসিংহ রাও ওই জনপদের রাজা ছিলেন।  খুব সৎ ও ধর্মপরায়ণ রাজা ছিলেন।  তাঁর  স্ত্রী বিদ্যাবতীও খুব ধর্মপরায়ণ ছিলেন।  প্রতিদিন তাঁরা শিবের আরাধনা, ব্রাহ্মণ সেবা, দেবদেবীর পূজা করতেন।  দীর্ঘদিন তাঁদের কোনো সন্তান হচ্ছিলো না, নরসিংহ বংশরক্ষার জন্য খুব চিন্তিত ছিলেন। একপ্রকার বাধ্য হইয়াই তিনি বিদ্যাবতীর অনুমতি নিয়ে দ্বতীয়বার বিবাহ করেন। দেবদেবীর কৃপায় ও মহাদেবের করুণায় ১৬০৭ সালের এক পুন্য লগ্নে নরসিংহের প্রথম স্ত্রী বিদ্যাবতী এক পুত্র সন্তান লাভ করেন। শিবের পূজারী বিদ্যাবতী সন্তানের নাম রাখলেন "শিবরাম"। পরবর্তীকালে অবশ্য রাজা নরসিংহের দ্বিতীয় স্ত্রীও একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই পুত্রের নাম ছিল শ্রীধর। বালক বয়স থেকেই শিবরাম মায়ের পুজোর সময় পাশে বসে সব লক্ষ্য করতেন।  বালক বয়স থেকেই তিনি খুব গম্ভীর স্বভাবের ছিলেন।  অন্যান্য বালকদের মত তাঁর খেলাধুলায় কোনোরূপ আগ্রহ ছিল না। শুধু বাল্যকাল নয়, কৈশোরে, যৌবনকালে সব ব্যাপারে তিনি সবসময় উদাসীন থাকতেন। বিষয়, সম্পত্তি ও সংসারের প্রতি তাঁর কোনো আগ্রহ ছিল না। ৪০ বছর বয়সে তিনি তাঁর পিতাকে হারান, ৫০ বছর বয়সে মাতাকেও হারান। মাকে হারানোর পর তিনি খুব ভেঙে পড়েন।  তিনি সংসার ছেড়ে শ্মশানে এসে একটি পর্ণকুটির তৈরী করে বাস করতে থাকেন। ভ্রাতা শ্রীধর ও অন্যান্য আত্মীয়-স্বজনদের সকলেই তাঁকে কুটির ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। সকলের অনুরোধ তিনি উপেক্ষা করে এই কুটিরেই বাস করতে লাগলেন। এই কুটিরেই একদিন পাঞ্জাবের বাস্তুর গ্রামের যোগগুরু স্বামী ভোগীরথানন্দ সরস্বতী আসলেন।  পরবর্তীকালে এই যোগীর কাছ থেকে শিবরাম সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস নেওয়ার পর তিনি গুরুর নির্দেশে পর্যটনে বাহির হলেন।  রামেশ্বর, নেপাল, উত্তরাখন্ড, প্রয়াগ ঘুরে ১৮৪৪ সালে তিনি কাশীতে এসে পৌঁছলেন। কঠোর সাধনায় এবং গুরুর কৃপায় তিনি হয়ে উঠলেন মহাশক্তিধর যোগগুরু। কাশীতে এসে প্রথমে আসিঘাটে গোস্বামী তুলসীদাসের বাগানে বাস করতে আরম্ভ করলেন।  তারপর হনুমান ঘাট, দশাশ্বমেধ ঘাট আর সবশেষে পঞ্চগঙ্গা ঘাটে বাস করতে লাগলেন। তাঁর মুখে শিব আরাধনার স্ত্রোত্র শুনতে কাশীর ঘাটে প্রচুর লোক সমাগম হতো।   কাশীর ঘাটে-ঘাটে, অলিতে-গলিতে তাঁর মহিমা ছড়িয়ে আছে। তাঁর অলৌকিক কান্ডকারখানার সাক্ষী থাকতো কাশীর অধিবাসীরা। নগ্ন হয়েই তিনি ঘুরে বেড়াতেন। তাঁর আরো দুটো -তিনটি অলৌকিক মহিমার গল্প আজ আপনাদের জনাব।

স্বামীজী যখন আসি ঘাটে বাস করতেন, তখন তিনি প্রায়ই লোলার্ক কুন্ডে যেতেন। একদিন তিনি ওখানে গিয়ে দেখেন ব্রহ্মসিংহ নামে  আজমীরের এক বাসিন্দা কুষ্ঠরোগে পঙ্গু হয়ে যন্ত্রনায় ছটফট করছেন।  এই দৃশ্য দেখে মহাযোগীর করুণা হল, তিনি সস্নেহে একটা বেলপাতা ব্রহ্মসিংহকে দিয়ে বললেন "কোন চিন্তা করো না. তুমি লোলার্ক কুন্ডে স্নান করে এসে এই বেলপাতাটি মাথায় ধারণ করলে তোমার সব রোগ সেরে যাবে।" ব্রহ্মসিংহ স্বামীজীর কথা মতো লোলার্ক কুন্ডে স্নান করে এসে মাথায় বেলপাতা ধারণ করলেন এবং অচিরেই রোগমুক্ত হলেন।

মহাযোগী একদিন আসি ঘাটে পৌঁছে দেখলেন একজন তরুণী তার স্বামীকে জড়িয়ে ধরে উচ্চকন্ঠে কাঁদছেন।  সাপের কামড়ে তার স্বামী মারা গেছেন।  যেহেতু সাপে কাটা মৃতদেহকে শশ্বানে পোড়ানো হয় না, তাই তার আত্মীয়রা গঙ্গার ভাসানোর উদ্দেশ্যে আসি ঘাটে মৃতদেহটি নিয়ে এসেছে।  এই হৃদয়বিদারক দৃশ্য দেখে পরম দয়ালু স্বামীজী মনে মনে খুব কষ্ট অনুভব করলেন। স্বামীজী নদীর ধার থেকে কিছুটা গঙ্গামাটি নিয়ে এসে মৃতদেহের ক্ষতস্থানে মাখাইয়া দিলেন।  কিছুক্ষন পর সবাই দেখল আস্তে আস্তে দেহে প্রাণ সঞ্চার হতে লাগল। সবাই এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। তরুণীটিও তার জীবনসাথীকে ফিরে পেল।

একবার এক বদমেজাজের নতুন ইংরেজ ম্যাজিস্ট্রেট হয়ে কাশীতে এলেন। তিনি একদিন নগর পরিক্রমায় বেড়িয়ে দশাশ্বমেধ ঘাটে এসে উপস্থিত হলেন।  এখানে তিনি এক  উলঙ্গ স্বামীজিকে দেখে ভীষণ ক্ষুব্ধ হলেন।  হাজতের  ভারপ্রাপ্ত কর্মচারী ও কয়েকজন রক্ষীকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন এই অসভ্য লোকটাকে ধরে হাজতে পাঠাবার জন্য।  সবাই মিলে স্বামীজিকে ধরে হাজতে তালাবন্ধ করে রাখলেন। স্বামীজী তখন ভাবলেশহীন। পরদিন সকালে ম্যাজিস্ট্রেট স্বামীজিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর ঘরে গিয়ে দেখলেন যে ঘর ফাঁকা, স্বামীজী বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন। ঘরে যেমন তালা লাগানো ছিল, তেমনি লাগানো রয়েছে।  তিনি ঘরটির দরজা, দেওয়াল ও তালা ভালো করে পরীক্ষা করে দেখলেন, সব ঠিকই রয়েছে।  কিন্তু কিছুতেই বুঝতে পারলেন না কিভাবে কয়েদি ঘরের  বাইরে আসল।  তিনি বেশ গম্ভীরভাবে স্বামীজিকে বললেন, "সাধু, তুমি সত্য কথা বল, কি করে তুমি হাজতের বাইরে এলে?" স্বামীজী সহজ সরল ভাষায় বললেন "প্রত্যুষে আমার বাইরে আসবার ইচ্ছে হয়েছিল। সেই  ইচ্ছে হবার পরমুহূর্তে বাইরে এসে পড়লাম, কোনো বাধা কোথাও পেলাম না।" কয়েদির ঘরটি জলে জলময় হয়েছিল। মেজিস্ট্রেট স্বামীজীর কাছে জানতে চাইলেন এতো জল কিভাবে এখানে এলো।  স্বামীজী বললেন, "রাতে আমার প্রস্রাবের বেগ হয়েছিল, দেখলাম দ্বার তালাবন্ধ, ঘরের বাইরে যেতে তখন ইচ্ছে হয়নি, তাই শায়িত অবস্থাতেই খানিকটা মূত্রত্যাগ করেছি। তারপর রাত  হয়ে এলে, অন্ধকার ঘরটা তেমন আমার ভালো লাগছিল না , তাই মুক্ত হাওয়ায় এই বারান্দায় একটু ঘুরে বেড়াচ্ছি।" মেজিস্ট্রেট ভীষণ রেগে গেলেন, তিনি স্বামীজিকে আবার হাজতে পুড়ে নিজের হাতে দু-দুটো তালা লাগিয়ে তার এজলাসে চলে এলেন। কিছুক্ষন পরে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি যাকে নিজের হাতে তালাবন্ধ করে এলেন, সেই স্বামীজী তার এজলাসের এক কোনে বসে দুষ্টু বালকের মতো হাসছেন। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মেজিস্ট্রেট হতবুদ্ধি হয়ে গেলেন। স্বামীজী আস্তে আস্তে তার সামনে এসে বললেন "সাহেব, তুমি অন্যান্য সাধারণ মানুষের মত শুধু জড় ও জড়ের শক্তিই বোঝো। এই জগতের মধ্যে ওতপ্রোত হয়ে আছে এক চৈতন্যলোক, তার খবর তোমার মোটেই জানা নেই, সেই চৈতন্যলোকের সঙ্গে যার যোগাযোগ সাধিত হয়েছে, কোনো বন্ধন বা কোনো বাঁধাই আর তার স্বেচ্ছাবিহারকে আটকাতে পারে না। ভারতের যোগীপুরুষদের শক্তির কাছে পৃথিবীর কোনো কার্যই কখনো অসাধ্য বলে গণ্য হয় না।  বেটা, তাহলে বল দেখি , আমার মতো সাধু সন্ন্যাসীকে বিরক্ত করে কি লাভ ? তাছাড়া, সে শক্তিই বা তোর আছে কোই ?" মেজিস্ট্রেট তখন তার ভুল বুঝতে পারলেন এবং তিনি নির্দেশ দিলেন যে কাশী শহরে তৈলঙ্গস্বামী নিজের ইচ্ছামত যেখানে খুশি ঘুরতে পারবেন। তাঁকে কেউ বাধা দিতে পারবে না।

কখনো তাঁকে  কাশীর গঙ্গায় ভাসমান আবার কখনো ডুবন্ত অবস্থায় দেখা যেত। গঙ্গার সাথে তাঁর যেন অন্তরের সম্পর্ক ছিল। এরকম বহু লীলা বা মহিমা স্বামীজী দেড়শো বছর ধরে দেবভূমিতে করে গেছেন।  সাধারণ সাধু সন্ন্যাসীদের জীবন সাধারণত শিষ্যবর্গের মধ্যেই সীমাবদ্ধ থাকে।  কিন্তু তৈলঙ্গস্বামীর সে অর্থে কোন শিষ্য ছিল না।  উমাচরণ মুখোপাধ্যায়ের নামই একমাত্র শিষ্য হিসেবে শোনা যায়, তবে তাঁর প্রচুর ভক্ত ছিলেন। । ১৮৮৭ সালের পৌষ মাসের শুক্লা একাদশীর পুন্য তিথিতে স্বইচ্ছায় ২৮০ বছর বয়সে তিনি যোগবলে দেহরক্ষা করেন অর্থাৎ প্রয়াত হন।  মৃত্যুর পূর্বে তিনি ভক্তদের বলে গিয়েছিলেন তাকে চন্দনকাঠের বাক্সে ভোরে গঙ্গা সমাধি দেওয়ার কথা তাঁর ইচ্ছাই ভক্তগণ পূরণ করেন।

 ১৮৬৮ সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীতে যখন এসেছিলেন তখন তিনি তৈলঙ্গস্বামীর সাথে দেখা করেছিলেন এবং নিজ হাতে তৈরী করা পায়েস স্বামীজিকে খাইয়েছিলেন। যোগী শ্যামাচরণ লাহিড়ীও স্বামীজীর সাথে সাক্ষাৎ করেছিলেন।

মহাত্মা তৈলঙ্গস্বামী ছিলেন ভারতের  সাধকদের মধ্যে একজন উজ্জ্বল জোতিস্ক। প্রথম বিস্ময় তাঁর দীর্ঘ আয়ু। আরো বিস্ময় অলৌকিক ক্ষমতাবলে  মানবের জীবন দান  ও হিতসাধন করা। তবে এটা  চিরন্তন সত্য যে মানব কল্যানে ব্রতী হয়ে ভারতবর্যে যুগে যুগে ঈশ্বর বিভিন্ন অবতারের রূপ ধরে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। কখনও বুদ্ধ, কখনও যিশু আবার কখনও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। তেমনি তৈলঙ্গস্বামীকেও ভগবানের  এক রূপ বলে মানব সমাজ মেনে নিয়েছে।






ছবি ও  লেখার সত্ব  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ২৫-০১-২০২০

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০
➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 

Saturday, January 11, 2020

মন্দারমণি>P

 লাল কাঁকড়ার দেশে 




অফিসে দু-তিনদিন ছুটি পেলেই বাঙালি মন ঘরে টিকতে চায় না।  কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করতে থাকে, আর যদি সেটা হয় শীতকাল, তবেতো কোনো কথাই নেই, ঘর ছেড়ে বেরোতেই হবে। অল্প সময়ের ছুটিতে ভ্রমনরসিকরা কাছাকাছি পাহাড়, জঙ্গল বা সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি জমান। ভ্রমণের ব্যাপারে বাঙালির যে একটা প্রসিদ্ধি আছে, ভারতের অন্য রাজ্যের অধিবাসীদের বোধহয় সেটা নেই। ভ্রমণটা বাঙালির মজ্জায় মজ্জায় গেঁথে রয়েছে। তেমনি এক অল্প শীতের ছুটির মুহূর্তে আমি সপরিবারে পাড়ি জমালাম পূর্ব মেদিনীপুরের এক সৈকতে।  বৈচিত্রময় পৃথিবীর দুটো জিনিস মানুষকে সবসময় অভিভূত করে। আকাশ আর সমুদ্র, দুটোই বিশাল আর অসীম। পার্থক্য হল, আকাশকে স্পর্শ করা যায় না, আর সমুদ্রকে শুধু স্পর্শ নয়, সর্ব শরীরকে তার কোলে নিমজ্জিত করা যায়।

 সূর্য্যোদয় 

পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগরের বুকে অনেকগুলো সৈকত রয়েছে, তাজপুর আর মন্দারমণি ছাড়া সব কটাই আমার দেখা হয়ে গেছে। তাই এবার চললাম লাল কাঁকড়ার দেশ মন্দারমণিতে। ব্যস্ত জীবনে একটু বিশ্রাম, একটু মুক্তির স্বাদ, আর সমুদ্রের মাতাল হাওয়ায় নিজেকে মাতাল করে তোলা। হালকা শীতল আবহাওয়া, সমুদ্রের শান্ত ঢেউ, মৃদু গর্জন, সেটা তো বিশ্রাম ও শান্তির আর এক নাম। দুচোখ ভরে শুধু দেখে যাওয়া আর মন ভরে শুধু বিশুদ্ধ নিশ্বাস নেওয়া।

শীতের এক সকালে ধর্মতলা থেকে দিঘাগামী বাস ধরে চাউলখোলাতে পৌঁছলাম। প্রায় ১৮০ কিলোমিটার রাস্তা পেরোতে ঘন্টা চারেক সময় লাগলো।  এখান থেকে ভ্যান রিক্সা ধরে মন্দারমণি আসলাম।  রাস্তার ধারে অজস্র হোটেল। একটু ঘোরাঘুরি করে একটা হোটেলে সমুদ্রের দিকে একটা ভালো ঘর পেয়ে গেলাম।  ঘরে ঢুকে হাত-মুখ ধুয়েই ছুট লাগলাম সৈকতে।  সামনে দিগন্ত বিস্তীর্ন ঘন নীল আকাশ, বঙ্গোপসাগরের সুনীল জলরাশি, ঝাউয়ের হাতছানি  আর নিরালা সাগরবেলা।  সমুদ্র উপকূলের নয়নাভিরাম দৃশ্য সার্বিকভাবে আমাদের মন ভরিয়ে দিল। এখানকার সমুদ্রতট সমান হওয়ার জন্য দেখলাম দুদিকেই বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে। তটটিও বেশ  পরিষ্কার-পরিচ্ছন্ন।

মাছ ধরার নৌকো 

হোটেলে ফিরে  দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে ফিরে এলাম তটভূমিতে। তখন ভাটা  চলছে, সৈকতের বেশিরভাগ অঞ্চলটাই দৃশ্যমান, বালুকাতটে লাল কাঁকড়ার মিছিল, দূর থেকে মনে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে কে যেন টকটকে লাল আবির  ছড়িয়ে দিয়েছে।  সামান্য পায়ের আওয়াজেই তারা বালির গর্তে লুকিয়ে পড়ছে, চলছে তাদের লুকোচুরি খেলা।  সমুদ্রের তটভূমি  ধরে বেশ কিছুক্ষন হাঁটলাম।  রোদ ঝলমলে দুপুরের পর সৈকতে বিকেলের পড়ন্ত রোদ এসে পড়তে লাগলো। ধীরে ধীরে আলো কমে আসতে লাগল, লালচে আভা ছড়িয়ে পড়তে লাগল সমগ্র সৈকতজুড়ে, সূর্য্যিমামাও পশ্চিমপাড়ে ঝাউয়ের বনে ঢোলে পড়লো। অনেক্ষন হাঁটার ফলে আমরাও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। দীঘার থেকে ঝাউয়ের বন এখানে একটু কম বলেই আমার মনে হলো, তও যা রয়েছে তা এক অন্য মাত্রা যোগ করেছে। আমরা পাকোড়া ও চা খেয়ে অঞ্চলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সৈকতের ধারেই বেশ বড় একটা বাজার রয়েছে যেখানে নানারকম খেলনা, শামুকের তৈরী মূর্তি, কাপড়ের ব্যাগ আরো অনেক কিছু বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে মেয়েদের অলংকারও। সব সমুদ্র সৈকতের মতো এখানেও  ভাজা মাছ বিক্রি চলছে। বহু স্থানীয় বাসিন্দাদের দেখলাম তেলেভাজা ও মুড়ি কিনছে। ওদের দেখা দেখি কয়েকজন পর্যটকও গরম গরম তেলেভাজার স্বাদ নিচ্ছে। বহু পর্যটককে দেখলাম নানারকম জিনিস কিনছে। এখানে বিকি-কিনি বেশ ভালোই হচ্ছে বলে আমার মনে হলো। আমার গিন্নি  একটা সুন্দর পুঁথির মালা ও কানের দুল কিনলো, জানিনা নিজের জন্য না অন্য কারোকে উপহার দেবে।  এবার হোটেলের পথ ধরলাম।

সৈকত 

ঘর থেকেই দেখছিলাম চাঁদের আলোয় বেলাভূমির বালিগুলো হীরের মতো চিক্চিক করছে। ভাবছিলাম জ্যোস্না রাতে বেলাভূমিটি নিশ্চয় আরো ঝিকমিক করে, তখন নিশ্চয় আরো অপরূপা লাগে। জ্যোস্ন্যা রাতের সমুদ্রের সৌন্দর্য্য পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানায়। রাত যত বাড়ছে সমুদ্রের গর্জন তত হুঙ্কার ছাড়ছে। যদিও দীঘা বা পুরীর তুলনায় সেটা অনেকটাই কম। দীঘার কোলাহল পরিবেশ আর এখানকার শান্ত-নিরিবিলি পরিবেশ দুটো পাশাপাশি সৈকতের মধ্যে কতটা ফারাক। এখানকার পরিবেশের সাথে ঈশ্বর যেন এখানকার ঢেউগুলোকেও শান্ত করে দিয়েছে। মন্দারমণি ও তাজপুর পশ্চিমবঙ্গের নতুন আবিষ্কৃত সৈকতগুলোর মধ্যে অন্যতম। মন্দারমণির সৈকত বেশ শক্ত, পূর্বে এই সৈকত ধরে গাড়ি যাতায়াত করতো, বর্তমানে  সরকারি তরফ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

মোহনায় বাঁক কাঁধে জেলে 

ছোট ছোট চারটি গ্রাম নিয়ে তৈরী এই মন্দারমণি। .সমুদ্রতীরবর্তী গ্রামগুলোতে এককালে নোনা জলের বেশ কিছু ভেড়ি ছিল। এইসব ভেরিগুলোতে জেলেদের ও মাছের ব্যবসাদারদের আনাগোনা বরাবরই ছিল, কিন্তু ছিল না তাদের বসবাসের কোনোরূপ আস্তানা। এই মাছ ব্যবসায়ীদের উৎসাহে প্রথম এখানে হোটেল তৈরী হয়, পরবর্তীকালে পর্যটকদের অগমনে হোটেল ব্যবসা ও হোটেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।  মন্দারমণি এই নাম নিয়ে অনেকরকম ব্যাখ্যা পাওয়া যায়। কেউ বলে অঞ্চলটি মন্দার গাছে ঘেরা ছিল বলে এই নামকরণ আবার কারো কারো মতে বিশাল সৈকতে হাজার হাজার লাল কাঁকড়ার দলবদ্ধ দৌড় দেখে কোনো এক সময়ে এখানকার উচ্চপদস্থ কোনো সরকারি আধিকারিক মুগ্ধ হয়েছিলেন, তাঁর চোখে দৃশ্যটা মন্দার ফুলের মতো লেগেছিল বলে তিনি নাকি এইরূপ নামকরণ করেছিলেন। প্রথমদিকে জায়গাটির নাম ছিল মন্দারবনি, পরবর্তীকালে মদার মণি আর বর্তমানে মন্দারমণি হয়েছে।  বছর কুড়ি আগে জায়গাটা পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত গ্রাম ছিল।  তার আপন রূপের কারণেই সে আজ সকলের মন জয় করে নিয়েছে।

সৈকত 

পরেরদিন কাক ভোরে উঠে বেলাভূমিতে গেলাম। আবছা আলোয় হাঁটতে থাকলাম। আলো-আধারিতে বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউ গাছ, সৈকতে আছড়ে পড়া ঢেউ, পশ্চিমপাড়ে সারিবদ্ধভাবে হোটেল, দিগন্তে জলরাশি ভেদ করে রক্তবর্ণের এক থালা ছোট থেকে বড় হতে লাগল, ধীরে ধীরে তার উজ্জ্বলতা বাড়তে লাগলো, চারপাশের লাল আভা আস্তে আস্তে সাদা হতে লাগল। একটার পর একটা ক্লান্তিহীন ঢেউ বালিয়াড়িতে আছড়ে পড়ছে, জলে পা ভিজিয়ে হেঁটে যাওয়া, এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভেসে যাওয়া। জলখাবার খেয়ে হোটেলের ঘরে একটু বিশ্রাম নিয়ে তোয়ালে কাঁধে সমুদ্র স্নানের উদ্দেশ্যে চললাম।

শরীরটাকে কিছুটা নিমজ্জিত করে বেশ কিছুক্ষন বসে থাকলাম, ক্ষনে ক্ষনে শীতল ঢেউ সমগ্র শরীরকে ভিজিয়ে যাচ্ছে, অনুভব করছি সমুদ্র স্নানের তৃপ্তি। ঢেউগুলো যেন বহুদূর থেকে উড়ে আসা একরাশ শিমুল তুলো, আমি যেন এক ধুনুরির ধনুক, সমানে বুনে চলেছি নকশিকাঁথার বালুচর। আমি আর নেই আমাতে, মিশে গেছি নীল সাগরের অতল জলে।  যতদূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ। ঢেউয়ের তালে তালে আমিও কখনও  এগিয়ে যাচ্ছে আবার কখনও  পিছিয়ে যাচ্ছি, এক মিনিটের জন্য এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছি না। নীল জলের গহন রহস্যে নিজেকে সমানে সামলে চলতে হচ্ছে। আমার মতো অনেকেই স্নান করছে।  লাফালাফি, ঝাপাঝাপি, বেলেল্লেপনা সবই চলছে, চলছে যুবক যুবতীদেরদের বাঁদরামীও। সমুদ্রের ফেনিল ঢেউয়ে মনে চলছে অনাবিল আনন্দের ঢেউ। বাচ্ছা বুড়ো সবার মুখেই সেই আনন্দের অভিব্যক্তি ফুটে উঠছে। দুটো পয়সার আশায় কয়েকজন আলোকচিত্রীও ছোটাছুটি করে এইসব দৃশ্যের ছবি তুলছে।

মোহনায় সূর্যাস্ত 


হোটেলে  দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে একটা অটো  ভাড়া নিয়ে চললাম মোহনা দেখতে।  মন্দারমণি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই মোহনা অবস্থিত। বিচের শেষে জলধা খতি নদীর কূলে এখনকার মোহনা। মোহনার বালিয়াড়ি খুব নরম।  দীঘার মোহনার মতো এখানে কোনো মাছের আড়ৎ নেই, মাঝে মাঝে ছোট ছোট মাছ ভর্তি নৌকো এসে ভিড়ছে।  জেলেরা বাঁক কাঁধে সেই মাছ নিয়ে ছোটগাড়িতে তুলছে। শুনলাম এই মাছ চলে যাচ্ছে দীঘা মোহনার বাজারে।  মাছ আর মাঝিভাইদের আনাগোনায় জায়গাটা বেশ মনোরম লাগছিলো। এখানেই একটু অপেক্ষা করে সূর্যাস্ত দেখছিলাম। পড়ন্ত বিকেলে আকাশকে চিরে সূৰ্য্যিমামা চারদিক লাল-কমলায় রাঙিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। আজকের মতো তার কাজ শেষ। রাতটুকু চাঁদের ওপর দায়িত্ব দিয়ে যেন তার এই গমন। এই নৈসর্গিক সৌন্দর্য্যমন্ডিত দৃশ্য বিস্ময়ে  বিমুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকলাম। গভীর আবেশে মন প্রশান্তিতে ভরে উঠলো। জলধা খতি নদীর একপাশে মন্দারমণির মোহনা আর অপরপাড়ে তাজপুর। দূরে বঙ্গোপসাগর।

.রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরেরদিন সকালে আবার সৈকতের বুকে সূর্য্যোদয়  উপভোগ করলাম। শান্ত নির্জন সৈকতে বসে থাকতে বেশ ভালো লাগলো। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বেশিক্ষন থাকা গেলো না ফেরার তারায়।  আজ আমাদের ফেরার পালা, দুপুরের খাবার খেয়ে একটা অটো  ধরে কাঁথি স্টেশানে চলে এলাম। এখান  থেকেই ট্রেন ধরে কলকাতার উদ্যেশ্যে রওয়ানা দিলাম।


নিরালা  পরিবেশে মন্দারমণি ঘোরা সত্যি মনোরম। দুটো দিন এই নিরিবিলি জায়গায় কাটাতে মন্দ লাগলো না। শান্ত, নির্জন সমুদ্রে মন পেল বিশ্রাম, প্রাণ পেল আরাম। যেন এক ক্যানভাসে আঁকা কোনো শিল্পীর তুলিতে উঠে আসা সব দৃশ্য। যা নির্ভেজাল ছুটি কাটানোর আদর্শ জায়গা। দীঘার  ভিড় এড়িয়ে সমুদ্র ভ্রমণের অবশ্যই আদর্শ ঠিকানা এই শান্ত সৈকতটি। সমুদ্রের পেট চিরে সূর্য্যের উদয় হওয়া  আর পশ্চিমপাড়ে সূর্য্যের হারিয়ে যাওয়ার মনভোলানো দৃশ্য যা আমার কাছে সারাজীবনের এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সমুদ্রকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য এখানকার নিরিবিলি পরিবেশে  দুটো দিন কাটাতে আপনারও বেশ ভালো লাগবে।



কিভাবে যাবেন :
কলকাতার ধর্মতলা থেকে দীঘাগামী বসে করে এসে চাউলখোলাতে নামুন। ওখান থেকে অটো করে অনায়াসে পৌঁছে যাবেন। অথবা হাওড়া থেকে দীঘার ট্রেন ধরে রামনগর বা কাঁথি স্টেশনে নামুন।  ওখান থেকে অটো ধরে মন্দারমণি চলে আসুন।

কোথায় থাকবেন :

অনেক হোটেল রয়েছে, তবে আগে থেকে বুক করে যাওয়া ভালো।

কোথায় কোথায় ঘুরবেন :

মন্দারমণি থেকে আপনি দীঘা, তাজপুর, শংকরপুর, দীঘার  মোহনা অটো ভাড়া করে দেখে আসতে  পারেন।


ছবি ও  লেখার সত্ব  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ১১-০১-২০২০

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০
➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 




Thursday, January 2, 2020

পৌষ মেলা>p

পৌষের আমন্ত্রণে গ্রামীণ মেলায় 




পৌষ তোদের ডাক দিয়েছে 
আয় রে চলে, আয় আয় আয়। 


 শীত ঋতুর পৌষ মাসেই বাংলায় নবান্ন উৎসবের পরে আয়োজিত হয় বিভিন্ন উৎসব। পৌষের কুয়াশায়, শীত শীত হাওয়ায়, শীতল বাতাসে নেচে ওঠে ভ্রমণপিপাসু মানুষদের মন। শীতকাল আর মেলা যেন একে  ওপরের পরিপূরক।  এই সময় কলকাতা ছাড়াও বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। বাঙালি মন এইসব মেলাগুলোকে উপেক্ষা করে ঘরে বসে থাকতে পারে না।  বছর দুয়েক আগে আমিও  পৌষের আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। চলে গিয়েছিলাম এক গ্রামীণ মেলায়। ডাকছিল  পৌষ, ডাকছিল শান্তিনিকেতন, এ যেন মাটির টানেই চলে যাওয়া।


এককালে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম ছিল ভুবনডাঙ্গা। ১৮৬০ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ গ্রামটির বিস্তীর্ণ অঞ্চল কিনে নিয়েছিলেন। অঞ্চলটির উন্নয়ন করেন। তৈরী করেন তাঁর সাধের প্রার্থনা ভবন।  পরবর্তীকালে ভুবনডাঙা হয়ে যায় শান্তিনিকেতন। মেলাকে কেন্দ্র করে কবিগুরুর  নানান স্মৃতি জড়িয়ে রয়েছে , জড়িয়ে রয়েছে নানান গল্পগাঁথা। 


১৮৪৩ সালের ২১শে ডিসেম্বর (৭ই পৌষ, ১২৫০) মহর্ষি কয়েকজন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন।  ১২৯৮ সালের ৭ই পৌষ (২১শে ডিসেম্বর, ১৮৯১) শান্তিনিকেতনে তিনি একটা ব্রাহ্ম মন্দির স্থাপন করেন।  এই মন্দিরের উদ্বোধনের সময় তিনি মূল মন্দিরের ঠিক বিপরীত দিকের মাঠে একটা ছোট্ট মেলায় আয়োজন করেন। সেই থেকেই শান্তিনিকেতনের জগৎ বিখ্যাত পৌষ মেলার শুরু। মহর্ষির প্রয়ানের পর রবীন্দ্রনাথই মেলার রূপকার হিসেবে দেখা দেন।  মেলার আয়তন বৃদ্ধি পাবার ফলে পরে মেলাটি পূর্বপল্লীর মাঠে আয়োজন করা হয়। মেলাটি চলে দিন তিনেক তবে ভাঙা মেলাটি চলে আরো বেশ কয়েকদিন। সমগ্র শহরটি জুড়েই বসে যায় পসরার হাট। খোয়াইয়ের পাড়ও হয়ে ওঠে জমজমাট। একতারার সুরে রবীন্দ্রনাথের শহর দুলতে থাকে। প্রতিবছর নিয়ম করে বিশ্বভারতী ৭ই পৌষ থেকে ৯ই পৌষ মেলাটির আয়োজন করে থাকে। মেলার সূচনা হয় বৈতালিক গান দিয়ে। গান গেয়ে গেয়ে আশ্রমিকরা ও অতিথিরা শালবীথি, আম্রকুঞ্জ, বকুলবীথি, ছাতিমতলা  পরিক্রমা করেন।উপাসনা, প্রয়াত আশ্রমিকদের স্মরণ থেকে খ্রিস্ট উৎসবের মাধ্যমে মূল পৌষ মেলাটির সমাপ্তি ঘটে।  এই মেলার বড় বিশেষত্ব হস্তশিল্প ও গ্রামীণ কৃষ্টির উপস্থিতি। বাঙালির অনুভূতির সঙ্গী যেমন রবীন্দ্রনাথ, তেমন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পৌষ মেলা বাঙালির মননের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 




 বছর দুয়েক আগে কলকাতা থেকে রওনা দিলাম পৌষের আমন্ত্রণে বোলপুরে। পৌঁছে গেলাম ঘন্টা তিনেকের মধ্যে।  স্টেশনে নেমে দেখলাম লোকে লোকারণ্য।  সবাই একটা গাড়ির জন্য ছোটাছুটি করছে। কেউ কেউ কিছু না পেয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষন অপেক্ষা করার পর ভাগ্যক্রমে একটা সাইকেল রিক্সা পেয়ে গেলাম। আগে শুনেছিলাম স্টেশন থেকে মেলা প্রাঙ্গনের ভাড়া ৩০ টাকা, কিন্তু রিক্সাওয়ালা আমার কাছে ২০০ টাকা চাইলো।  অনেক দরাদরি করার পর ১৫০ টাকায়  সে রাজি হলো।  অল্প সময়ের মধ্যে মেলা প্রাঙ্গনে পৌঁছে গেলাম। 



 রিক্সা করে যেতে যেতে দেখছিলাম রাস্তার ধারে অনেক জায়গায় গ্রাম্য মহিলারা নানারকম পসরা সাজিয়ে বসে আছে।  মেলা প্রাঙ্গনে ঢুকে দেখলাম চারদিকে শুধু দোকান আর দোকান। বেশিরভাগই হস্তশিল্পের দোকান। প্রাঙ্গনটিতে নিরাপত্তার  বেশ আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে।  সাদা পোশাকের মহিলা ও পুরুষ পুলিশ টহল দিচ্ছে।  ওয়াচ টাওয়ার ও সিসিটিভির মাধ্যমে অঞ্চলটির দেখভাল চলছে একটি কেন্দ্র থেকে। রয়েছে পুলিশের একটা সহাযতা কেন্দ্র। এছাড়া বিশ্বভারতীর বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীও  পর্যটকদের সহাযতা করছে। রিক্সাওয়ালার মুখে শুনছিলাম আগে আতসবাজির প্রদর্শনী হতো, বর্তমানে নিরাপত্তার কারণে তা বন্ধ রয়েছে।  দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রাঙ্গনটিতে মাঝে মাঝে জল ছড়ানো ও ঝাড় দেওয়া হচ্ছে।  মেলার এক ধারে একটা বিশাল মঞ্চ রয়েছে, রয়েছে মঞ্চটির পিছনে বাউলের আখড়া।  মঞ্চটিতে সারাক্ষণই বাউল সংগীত পরিবেশন করা হচ্ছে।  এই বাউল সংগীত মেলাটির অন্যতম আকর্ষণ। 




মেলাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের স্টল রয়েছে, রয়েছে শান্তিনিকেতন ব্যাগ, কাঠের তৈরী বিভিন্ন খেলনা, টেরাকোটার তৈরী ঘর সাজানোর জিনিস, পাটের তৈরী পুতুল ও জুতো, ডোকরার অলংকার, বাঁশি-ডুগডুগি-একতারা। এছাড়া বই, বস্ত্র ও চর্মজাত দ্রব্যের দোকানও  ঝলমল করছে। বাঁশির সুরে দোল দিচ্ছে পিঠে-পুলিও।  জিনিসপত্রের দাম খুব বেশি বলে মনে হলো না। মেলার মধ্যে গ্রামীণ ও শহুরে জিনিসের সম্ভার সর্বত্রই বিরাজ করছে।  মেলার একপ্রান্তে বাচ্ছাদের খেলার জন্য দু-তিনটে জায়গা করা আছে, সেখানে টিকিটের বিনিময়ে বাচ্ছারা কিছুটা সময় অতিবাহিত করতে পারে। প্রাঙ্গণটির ঠিক মাঝখানে একটা জায়গা গোল করে ঘিরে রাখা আছে, জায়গাটি অপূর্ব ফুলে সজ্জিত  রয়েছে।  তবে ফুলগুলো সবই মেলার শোভাবর্ধনের জন্য, ক্রয় করা যাবে না। সবশেষে বলি মেলার মূল আকর্ষণ বাউল সংগীত হলেও খাবারের স্টলগুলো কম আকর্ষণের নয়।  আপনাকে হাতছানি দিয়ে ডাকবেই। বাচ্চা  থেকে বুড়ো সবাই বসে খাবার খেতে খেতে একটু বিশ্রাম করে নিচ্ছে।  গরম গরম জিলিপি, এগরোল, ঘুগনি, তেলেভাজা, বাদামভাজা, পাউরুটির কাটলেট, বিরিয়ানি কি নেই সেখানে। জিভে জল আনার পক্ষে যথেষ্ট।  আমিও লোভ সামলাতে পারলাম না, একটা এগ রোলের অর্ডার দিয়েই ফেললাম।  খেতে খেতে কিছুটা বিশ্রামও  হয়ে গেলো।



কয়েকদিনের মেলা হলেও মেলাটিতে দেশীয়দের সাথে বহু বিদেশী পর্যটককেও ঘুরতে দেখছিলাম।  কেনাকাটা বা বিকিকিনি বেশ ভালোই চলছে। মেলাটি যেন ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রনে গড়ে উঠেছে। হস্তশিল্প ও গ্রামীণ শিল্পীদের সম্ভার বিক্রিকে বিশ্বভারতী সবচেয়ে বেশি গুরুত্ত্ব দেয়। হাড় হিম করা কড়া ঠান্ডাকে উপেক্ষা করে লালমাটির শাতিনিকেতন কয়েক হাজার মানুষের কোলাহলে মুখর হয়ে উঠেছে। শান্তিনিকেতনের পৌষমেলা হয়ে উঠেছে বাংলার ঐতিহ্যের মিলনস্থল। 



বেড়েছে খরচ, বেড়েছে ব্যবস্থাপনার খরচও,  বিশৃঙ্খলা ও বিন্যাসের প্রতুলতা ছাড়িয়ে গেছে বোলপুর থেকে শান্তিনিকেতন হয়ে খোয়াই পর্যন্ত।  বেড়েছে হুল্লোড়ের ব্যাপ্তি, কমেছে ধর্মীয় পবিত্রতা ও শান্তশ্রী পরিবেশ। তবে টেরাকোটার কারুকাজ কেনা, বাউল গানের আসর, চেনা-অচেনা মানুষের মৈত্রী, কুয়াশাঘেরা বিষণ্ণতা আজও টিকে আছে। এ যেন গ্রামীণ কার্নিভ্যাল। বাঙালির সাধের পৌষমেলা আজ চিরাচরিত ঐতিহ্যকে  ছাপিয়ে যেন হয়ে উঠেছে কর্পোরেট। 



বর্তমানে পৌষ মেলার চারিত্রিক পরিবর্তন ঘটেছে। মহর্ষির আদর্শ কিছুটা হলেও বিচ্যুত হয়েছে।  কয়েকদিন আগে একটা দৈনিক কাগজে পড়চ্ছিলাম এক প্রবীণ আশ্রমিক জানিয়েছিলেন "পৌষমেলা তার আদর্শ ও ঐতিহ্য থেকে সরে এসেছে। সেকালের পৌষমেলার সাথে আজকের মেলার অনেকটাই ফারাক ঘটে গেছে।" আমি আগে কখনো এখানকার মেলায় আসিনি, তাই এই সম্বন্ধে আমার কোনোরূপ ধারণা নেই। তবে মেলা প্রাঙ্গনে ও রাস্তায় বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপন দেখছিলাম।  যুগের পরিবর্তনের সাথে হয়তো গ্রামীণ চরিত্র হারিয়েছে।  মেলা প্রাঙ্গণেও বেশ কয়েকটি নামি-দামি সংস্থার স্টলও  রয়েছে। যাইহোক, জনপ্রিয় মেলাটি দেখতে সুদূর কলকাতা থেকে এসে বেশ আনন্দই উপভোগ করলাম। বাঙালির জীবনের সংস্কৃতির সাথে মেলাটি এখনো নিবিড়ভাবেই জড়িয়ে আছে বলে আমার মনে হলো। সন্ধ্যের ট্রেন ধরে আমায় ফিরে  আসতে হবে বলে আর সময় নষ্ট করলাম না।  মেলা প্রাঙ্গন ছেড়ে বেরিয়ে পড়লাম। 

কিভাবে যাবেন :
হাওড়া থেকে গণদেবতা, শান্তিনিকেতন এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস ও আরো অনেকগুলো ট্রেন রয়েছে যেগুলো সরাসরি বোলপুর যায়। শিয়ালদহ থেকেও মাতারা  এক্সপ্রেসও বোলপুর যায়।  তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে। বোলপুর থেকে মেলাপ্রাঙ্গন মিনিট কুড়ি  সময় লাগে। 

কোথায় থাকবেন :
বোলপুরে ও শান্তিনিকেতনে প্রচুর বেসরকারি হোটেল রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন  দপ্তরের একটা সুন্দর অতিথি নিবাস রয়েছে।  মেলার সময় যেতে চাইলে অন্তত দু-তিন মাস আগে থেকে হোটেল বুক করতে হবে, নইলে জায়গা পাওয়া যাবে না।  





ছবি ও  লেখার সত্ব  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ০২-০১-২০২০

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০
➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 


















Tuesday, December 24, 2019

বড়দিন ও কলকাতা >

বড়দিন ও কলকাতা 


পঁচিশ মানে বড়দিন 
পঁচিশ মানে যীশু 
পঁচিশ মানে সকল দেশে 
খুশি সকল শিশু।

পঁচিশ মানে কেক, মিষ্টি 
পঁচিশ মানে ভালোবাসা 
পঁচিশ মানে সান্তাক্লজ 
মেটায়  শিশুর আশ।



পঁচিশে ডিসেম্বর মানেই বড়দিন। বড়দিন মানেই শিশুদের মন ভোলানোর জন্য সান্তাক্লজের আবির্ভাব ও উপহার প্রদানের  অলীক কল্পনা।  বড়দিন হলো খ্রিস্টান  ধর্মাবলম্বীদের  এক বাৎসরিক উৎসব। ধরা হয় এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্ট জন্মেছিলেন। সেই কবে বেথেলহেমের আস্তাবলে আশ্রয় নিয়েছিলেন আসন্নপ্রসবা মেরি, সারা বেথেলহেম যখন ঘুমে আচ্ছন্ন, সেই সময় সবার অলক্ষে চুপিচুপি এক উজ্জ্বল নক্ষত্র আস্তাবলে এসে নামলো। এক অপার্থিব আলো  সারা পৃথিবীকে  আলোকিত করল। জন্ম নিল এক শিশু।  সেদিন কেউ ভাবতে পারেনি যে এই শিশু একদিন পাল্টে দেবে পৃথিবীর মানচিত্রকে। এই নির্দিষ্ট দিনটিতে যীশু জন্মগ্রহণ করেছেন কিনা, তা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে।  যীশুর জন্মদিনের কোনো তারিখের উল্লেখ পাওয়া যায়নি। ইতিহাসের পাতায় লেখা রয়েছে যীশুর পৃথিবীবাস শেষ হওয়ার অনেক বছর পর ৩৩৬ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টানটাইন প্রথম যীশুর জন্মদিন পালন করেছিলেন। রোমবাসীরা সারা রাত  জেগে সেদিন বড়দিনের উৎসব উদযাপন করেছিলেন। যিশুখ্রিস্টের জন্মদিনকে ইংরেজিতে "খ্রিষ্টমাস" বলা হয় আর বাংলায় "বড়দিন" বলে অভিহিত করা হয়। বাংলায় বড়দিন শব্দটি সম্ভবত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সর্বপ্রথম তাঁর লেখায় ব্যবহার করেছিলেন।  তিনি লিখেছিলেন "যদিও আমরা হই হিন্দুর সন্তান,  বড়দিনে সুখী তবু, খ্রিষ্টান সমান"।

২৪শে  ডিসেম্বর মধ্য রাত্রি থেকে গির্জায় গির্জায় প্রার্থনার  মধ্য দিয়ে যীশুর জন্মদিন পালন করা রীতি রয়েছে। ডিসেম্বর মাসের ২৫ তারিখে সারা বিশ্বেই বড়দিন বা খ্রিষ্টমাস হিসেবে পালন করা হয়। সময়ের আবর্তে বড়দিন আজ পেয়েছে সর্বজনীন উৎসবের মর্যাদা।  শুরুতে এই উৎসব সেরকমভাবে উৎযাপন করা হতো না।  যীশু খ্রিষ্টের জন্মের বহু বছর পর থেকে এই দিনটিকে খ্রিস্টানরা আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করা শুরু করে। প্রায় দুই হাজার বছর পূর্বে যীশুই মানব জাতিকে দেখিয়েছিলেন মুক্তি ও কল্যাণের পথ। তাই তাঁকে গভীরভাবে স্মরণ করে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। ২৫শে উৎসবের শুরু আর নিউ য়ার্স উৎসবের শেষ।

আমাদের শহর একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। শহরের বুকে  ঔপনিবেশিক স্থাপত্যের মধ্যে গির্জার সংখ্যাও কিছু কম নয়। প্রতিবছরই এইসব গির্জাগুলো বড়দিনের প্রাক্কালে নানারকম আলোকমালায় সজ্জিত হয়। ক্রিসমাস ইভের সন্ধ্যায় ও ক্রিসমাসের দিন মানুষের ঢল নামতে দেখা যায় এই গির্জাগুলোতে। অনুষ্ঠিত হয় প্রার্থনা সভার। এই বিশেষ দিনে বিভিন্ন গির্জা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সব চার্চগুলোর ছবি। এই দিন স্কুল-কলেজ, অফিস-কাছারী ও ব্যবসা কেন্দ্রগুলো সাধারণত ছুটি থাকে। বাবা-মায়ের হাত ধরে কচিকাচারা সকাল থেকেই ভিড় জমান শহরের দ্রষ্টব্য স্থানগুলোতে। যদিও বাঙালির সাথে বড়দিনের কোনো সুদূর সম্পর্ক নেই, তবুও বাঙালিরা এই দিনটা উৎসব হিসেবেই পালন করে আসছে।

আমাদের তিলোত্তমা সেজে উঠে, সেজে উঠে শহরের অ্যাংলো পাড়াগুলো। শহরের রাস্তার দুপাশে নানান  মাপের সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, জিঙ্গল বেল বিক্রির জন্য বিক্রেতারা পশরা  সাজিয়ে বসেন।  যুগ যুগ ধরে আমাদের শহরে হিন্দু-মুসলমানদের মন্দির-মসজিদের পাশাপাশি অবস্থান করে বহু গির্জা। এ যেন শহর কলকাতার এক সম্প্রীতির বন্ধন। কলকাতা তো সর্বধর্মের সমন্বয়ে গড়ে ওঠা শহর। নস্টালজিয়া বাঙালির শিরায় শিরায়। তাই তারা সব ধর্মের অনুষ্ঠানেই নিজেদের আনন্দটুকু ঠিকভাবে তুলে নিতে জানে। শহর জুড়ে শীতের আবহাওয়া। তাপমাত্রার পারদ এই সময় অনেকটাই নেমে যায়, লেগে যায় হিমের পরশ। বড়দিনের অপেক্ষায় প্রহর গোনে শহরবাসী। বাবা-মায়ের হাত ধরে কচিকাচারা সকাল থেকেই ভিড় জমান চিড়িয়াখানায় বা ইকোপার্কে বা অন্যান্য জায়গাগুলোতে। রংবাহারি আলোর সাথে উৎসবের মেজাজ মহানগরবাসীদের বরাবরই পছন্দের।  সেজে ওঠে গির্জাগুলোর সাথে সাথে হগ মার্কেট, বো-ব্যারাক,  অ্যালেন পার্ক ও সমগ্র পার্ক স্ট্রিট। এলইডি আলোর চাঁদোয়ায় ঢাকা, আলো ঝলমল করে অ্যালেন পার্ক্ ও পার্ক স্ট্রিট।  উৎসব উদযাপনের ছাপ লক্ষ্য করা যায় পার্ক স্ট্রিটের আনাচে-কানাচে। পার্ক স্ট্রিটের আনন্দ বুক ভোরে নিতে আসে বাঙালিরা। বেলুন হাতে পার্ক স্ট্রিটের ফুটপাথ ও রাস্তাটিতে  মাথায় লাল আলো জ্বলা সান্টা টুপি পরে বাচাদের বড়দের হাত ধরে ঘুরতে দেখা যায়। গান বাজনা, খাওয়া-দাওয়া আর হৈ-হুল্লোড়ে মেতে ওঠে শহুরে জীবনগুলো। কারো সঙ্গে বন্ধু-বান্ধব, কারো সঙ্গে প্রিয় নারী। রাত যত বাড়ে তত সাহেবপাড়ার আলোগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে। বার-রেস্তোরাঁগুলোতে ভিড় উপচে পরে। বারগুলোতে ওঠে স্কচ-হুস্কির ফোয়ারা। কোনো কোনো বারে আবার নাচ-গানের এলাহী ব্যবস্থা থাকে। সুন্দরী নৃত্যপটীয়সীরা তাদের শরীরের  চটুল ভঙ্গিতে অতিথিদের উষ্ণ শরীর করে তোলে উষ্ণতর। দলে দলে শহরের মানুষ সামিল হয় সাহেবপাড়াগুলোতে। সেলফি তোলার হিড়িক পরে যায়। আট থেকে আশি ভিড় জমান গির্জাগুলোতে ও পার্ক স্ট্রিটের বাহারি আলোর তলায়।  সর্ব জাতি মিলেমিশে এক হয়ে যায়। যুবক-যুবতী ও বাচ্ছারা  মাথায় লাল রঙের সান্টা টুপি  আর চোখে বাহারি নকল চশমায় নিজেদের সাজিয়ে তোলে। তিলোত্তমা বড়দিনকে স্বাগত জানায়।

 পাড়ায় পাড়ায়  তৈরী হয় বড়দিনের নানারকমের সামগ্রীর সাথে কেকের দোকান।  কেক ছাড়া বড়দিনের স্বাদটাই বিস্বাদ।  তাই কেকের দোকানেও  ভিড় উপছে পড়তে দেখা যায়। কেক বিলাসের অন্যতম পীঠস্থান হল হগ মার্কেট।  গরম গরম কেকের গন্ধে বাজারটির চারদিক  ম ম  করে। নাহুমস, ক্যাথলিন এরকম বহু নামি-দামি ব্যান্ডের আঁতুরঘর এই জায়গাটি। হগ মার্কেটে বছরের পর বছর ধরে এই দোকানগুলো কেকের ব্যবসা চালিয়ে আসছে। এখানে আসলেই আপনার সাধ্যের মধ্যেই হবে আপনার স্বাদ পূরণ।  বড়দিনের কেক, হগ মার্কেট ও বাঙালি মিলেমিশে এই সময়টাতে যেন  এক হয়ে যায়।

ক্রিস্টমাস ট্রি, আলো, মিষ্টি, খেলনা, তারা, ঘন্টা দিয়ে ঘর সাজানোর রেওয়াজ  বহু প্রাচীন। প্রথম দিকে উত্তর ইউরোপের ফার গাছগুলোকে এভাবে সাজানো হতো।  পরবর্তীকালে তা বিশ্বের সর্বত্রই ছড়িয়ে পরে।  আমাদের শহরও এর থেকে বাদ  যায় না।  শহরের বহু মানুষকে এইদিন ক্রিস্টমাস গাছ ও রং-বেরঙের আলো  দিয়ে নিজেদের  ঘরে যীশুর মূর্তি  সাজাতে দেখা যায়।

সান্টাক্লজ হল পাশ্চাত্য সংস্কৃতির রূপকথার এক কিংবদন্তি চরিত্র। সাধারণভাবে তিনি সান্টা নামে পরিচিত। উপকথায় বলে তিনি নাকি একজন অত্যন্ত দয়াবান ছিলেন। সান্টা সাধারণত হাস্যমুখর, সাদা দাঁড়িওলা একজন বৃদ্ধ মানুষের চিত্র।  তার পরনে সাদা কলার ও সাদা আস্তিনের লাল কোর্ট ও সাদা আস্তিনের লাল রঙের ট্রাউজার্স, কালো চামড়ার বেল্ট ও বুট জুতো  পরিহিত। তার পিঠের ঝোলাতে থাকে নানা রকমের উপহার সামগ্রী।  প্রাচীন গ্রিসের লাইসিয়াতে চতুর্থ শতকে সন্ট নিকোলাসের উল্লেখ মেলে। প্রচলিত বিশ্বাস হলো তিনি নাকি বড়দিনের প্রাকাল্লে অর্থাৎ ২৪ তারিখ মধ্যরাত্রে ভালো ভালো ছেলে মেয়েদের নানারকম উপহার দিয়ে থাকেন। এই কিংবদন্তির উৎস হল ঐতিহাসিক উপহার প্রদানকারী চরিত্র সন্ট নিকোলাস। সন্তসুলভ অবদানগুলোর পাশাপাশি তিনি শিশুদের পরিচর্যা, দয়া ও উপহার প্রদানের জন্য খ্যাত ছিলেন।  সন্তের পোশাকে তিনি শিশুদের খোঁজখবর নিতেন এবং বিচার করে দেখতেন কোন কোন শিশু উপহার পাওয়ার যোগ্য। সি সন্ত  নিকোলাস সান্তাক্লজের আদি রূপ। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে খুবই জনপ্রিয় চরিত্র সিন্টারক্লাস ৬ই ডিসেম্বর তিনি উপহার দেন বলে উল্লেখ পাওয়া যায়। খ্রিসমাসের দিনও  বেশ কিছু লোক উপহার দিয়ে থাকেন।  যদিও আধুনিক সান্টাক্লজের রূপকল্পটি সৃষ্টি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। মার্কিন প্রেসে সান্তাক্লজ শব্দটি ১৭৭৩ সালে সর্বপ্রথম দেখা গিয়েছিল। রূপকথা আছে কি নেই কারো সেভাবে জানা না থাকলেও আমরা দেখেছি বহু মা-বাবা তার শিশু ২৪ তারিখে রাত্রে ঘুমিয়ে পড়লে তার মাথার কাছে একটি মোজার ভিতরে নানারকম খেলনা ও উপহার ভরে রেখে দেয়, পরের দিন সকালে শিশুটির ঘুম ভাঙলে সে যেন মোজাটি খুলে দেখতে পায় যে  সান্টাক্লজ  তার জন্য কি কি উপহার পাঠিয়েছে।  শিশু মনের আনন্দে তৈরী হয় উৎসবের শ্রেষ্ঠ দৃশ্য।  সারা পৃথিবীতেই পিতা-মাতার তাদের সন্তানদের সান্টাক্লজ  ও অন্যান্য উপহারপ্রদানকারীদের সম্পর্কে শিক্ষা দিলেও, কেউ কেউ এগুলোকে কুসংস্কার হিসেবে প্রত্যাখ্যান করেন। আবার অনেক দেশেই এই দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের মধ্যে উপহার আদান-প্রদানের রীতি রয়েছে।

বড়দিন মানে ঈশ্বরের কাছে থেকে সঠিক পথের নির্দেশ পাওয়া। বড়দিন মানে খারাপ কাজ ছেড়ে ভালো পথে চলতে শেখার দিন।  যীশু নামের অর্থ উদ্ধারকর্তা বা রক্ষাকর্তা।  যীশু হলেন একজন মানবরূপী ঈশ্বর।  পবিত্র বাইবেল বলে "যীশু খ্রিষ্টেই  আমরা মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হয়েছি।  ইনিই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি"। আমাদের জীবনে বড়দিনের সার্থকতা শুধু ত্যাগস্বীকারে, ভোগবিলাসে বা উপহার দেয়া-নেয়াতে নয়।  যদি আমরা সর্ব ধর্মের সকল মানুষকে ভালোবাসি, তবেই বড়দিন সমাজে সার্থক হবে।

কবিতা : শক্তিপদ ঘোষ
ছবি ও  লেখার স্বত্ত  : সুদীপ্ত মুখার্জী  
তারিখ : ২৪-১২-২০১৯

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০


➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন। 


Thursday, December 12, 2019

নব কৈলাশ মন্দির >

ভ্রমণ

নব কৈলাশ মন্দির 



কথায় বলে "মাঘের শীত বাঘের গায়"।  এই বছর এখনও কলকাতায় সেইভাবে ঠান্ডা পড়েনি। ঠান্ডা পড়েনি তো কি হয়েছে, তা বলে কি ঘুরতে যাবো না তাতো হয় না। গত শনিবার অর্থাৎ ডিসেম্বর মাসের ৭ তারিখ রাতে ঠিক করলাম পরেরদিন ৮ তারিখ অর্থাৎ রবিবার কোথাও একটা ঘুরতে যেতেই হবে।  গিন্নির সাথে কথা বলে ঠিক করা হলো কালনার নব কৈলাশ মন্দির দেখতে যাবো, কারণ আমাদের দুজনের কারোরই এই মন্দিরটা এখনো দেখা হয়ে ওঠেনি। রাতেই গুগল বাবাজির স্মরণাপন্ন  হলাম। বাবাজি জানালো সকাল ৮-০৬ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে একটা ট্রেন রয়েছে যেটা অম্বিকা কালনা স্টেশনে সকাল সাড়ে দশটার মধ্যে আমাদের পৌঁছে দেবে।  ওই ট্রেনটাই  ধরবো বলে ঠিক করে নিলাম। পরের দিন ঠিক সময় ট্রেনটা ধরলাম এবং ঠিক সময় কালনায় পৌঁছেও গেলাম।





কালনা হলো বর্ধমান জেলার ভাগীরথীর তীরে একটা ছোট্ট শহর। বহু  প্রাচীন জনপদ।  পুণ্যসলিলা গঙ্গার (ভাগীরথী) পশ্চিমকূলে অবস্থিত  অম্বিকা কালনা প্রাচীন ও বর্ধিষ্ণু স্থানরূপেই প্রসিদ্ধ।  নগরটির প্রাচীনতা প্রায় হাজার তিনেক বছরের। অতীতে বর্ধমান রাজাদের গ্রীষ্মবাসের ঠিকানা এই নগরেই ছিল। পঞ্চদশ ও ষোড়শ  শতকে এই স্থানটি অম্বুয়া বা অম্বিকা  মুলুক নামে  পরিচিত ছিল। পৌরাণিক ব্যাখ্যায় দেখা যায় অম্বুমুনির পূজিতা দেবী ছিলেন  সিদ্ধেশ্বরী অম্বিকা। দেবী অম্বিকা জৈনদের দেবী  এই দেবী অম্বিকার নামানুসারে নগরটির নাম হয় অম্বিকা কালনা। প্রখ্যাত ইতিহাসবিদ লর্ড ক্যানিংহামের  মতে সপ্তম শতাব্দীর অম্বুয়া বা অম্বিকা তাম্রলিপ্ত শহরের অধীনে ছিল।  প্রাচীন কালনা নগর ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন। ১৮১২ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালনার সংস্কৃত পন্ডিত তারানাথ তর্কবাচস্পতি মহাশয়কে কলকাতার সংস্কৃত কলেজে নিয়োগের জন্য এই নগরে পদার্পন করেছিলেন  ১৭৭১ সালে বিখ্যাত  কবি কমলাকান্তের জন্ম হয়েছিল এই শহরে। পোড়ামাটির ভাস্কর্যে বাংলা বরাবরই অগ্রণী ভূমিকা নিয়েছে। মধ্যযুগীয় স্থাপত্য ভাস্কর্য শিল্পের নানাবিধ নিদর্শন নিয়ে শহরটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।




ঐশ্বর্যপূর্ণ পোড়ামন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে "মন্দির নগরী" বলা হয়। এখানকার মন্দিরগুলো সাধারণত আটচালা শৈলীতে নির্মিত। এই প্রাচীন শহরে দেখার মতো অনেক ঐতিহাসিক মন্দির, বৃক্ষতল, ধর্মস্থান ও রাজবাড়ী রয়েছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় মন্দির হলো নব কৈলাশ মন্দির।  যাইহোক, আজ  আমি শুধু কালনার নব কৈলাশ মন্দির অর্থাৎ ১০৮ শিব মন্দিরের কথাই আপনাদের বলব। পরে কোনো একসময় কালনার অন্যান্য দ্রষ্টব্যস্থানগুলোর কথা জানাবো। মন্দিরে ঢোকার পূর্বে জুতা খুলে প্রবেশ করতে হলো।  ভিতরে ঢুকে অপূর্ব চোখ ধাঁধানো সৌন্দর্য ও নৈঃশব্দ আমায়  বিস্মিত করে দিলো। ভারতবর্ষের অন্যান্য মন্দিরের যেরকম কোলাহল শোনা যায়, এখানে সেরকম নেই।  পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একমাত্র জেলা হল বর্ধমান,  যেখানে দু-দুটো ১০৮/৯ শিব মন্দির রয়েছে।  এই রকম ১০৮ বা  ১০৯ কোনো মন্দির সারা ভারতবর্ষের আর কোথাও নেই। বর্ধমানের নবাবহাটে একটি সুন্দর ১০৮ শিব মন্দির রয়েছে। এই মন্দিরটি বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী দেবী ১৭৮৮ সালে নির্মাণ করেছিলেন।  জেলার দ্বিতীয় ১০৮ শিব মন্দিরটির অবস্থান কালনা শহরে। কালনার মন্দিরটি বর্ধমানের মহারাজ তেজচন্দ্র ১৮০৯ সালে নির্মাণ করেছিলেন।  দুটি মন্দিরের আকৃতি ভিন্ন, নবাবহাটের  মন্দিরগুলো দুটি লম্বা সারিতে নির্মিত আর কালনার মন্দিরটি গোলাকৃতি আকৃতিতে নির্মিত।  দুটি মন্দিরকেই ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ খুব সুন্দর করে সংস্কার করে দিয়েছে।  এই সংস্কারের ফলে পুরাতাত্ত্বিক কৌলিন্য কিছুটা হারিয়েছে বলে সবাই মতামত দিয়ে থাকে। উজ্জ্বল রঙের প্রলেপ থাকলেও এখানে ইতিহাসের গন্ধ পেতে কোনো অসুবিধা হয় না।

কালনার  ১০৯ টি মন্দিরের মধ্যে  ১০৮ টি মন্দির জ্যামিতিক বৃত্তে বিন্যস্ত, যা একটি স্থাপত্য বিস্ময়।  মন্দিরের কাঠামো দুটি সমকেন্দ্রিয় বৃত্তের একটি সমন্বয়। এটি একটি পুঁথির অক্ষ মালার প্রতিনিধিত্ব করে। এখানে রয়েছে আটচালাবিশিষ্ট ১০৮টি শিব মন্দির আর একটি পঞ্চরত্ন মন্দির। সবকটা মন্দিরের  ছাদগুলো গম্ভূজাকৃতি।  দুটি বৃত্তের মধ্যে মন্দিরগুলি তৈরী।  বাইরের বৃত্তে ৭৪টি আর ভিতরের বৃত্তে ৩৪টি মন্দির রয়েছে।  মন্দিরগুলির দেওয়ালে পৌরাণিক কাহিনী চিত্রিত আছে। ১০৮টি মন্দিরের প্রতিটিতে একটি করে শিব লিঙ্গ বিরাজ করছে। ভিতরের বৃত্তের পরিধি প্রায় ৩৩৬ ফুট আর বাইরের বিত্তের পরিধি প্রায় ৭১০ ফুট। মন্দিরগুলো স্বল্প উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত ও পরস্পর সংলংগ্ন। মন্দিরগুলির উচ্চতা প্রায় ২০ ফুট আর প্রস্থ প্রায় ৯.৫ ফুট।  ভিতরের শিব মন্দিরগুলোতে শুভ্র বর্ণের আর বাইরের বিত্তের শিব মন্দিরগুলোতে অর্ধেক কৃষ্ণবর্ণ ও অর্ধেক শুভ্র বর্ণের  শিব লিঙ্গ বিরাজ করছে। বৃত্ত দুটির ঠিক কেন্দ্রে একটা  বাঁধানো ইঁদারা রয়েছে।  এই ইঁদারার জল পূজার কাজে ব্যবহার করা হয়ে থাকে।  

১০৯ সংখ্যক মন্দিরটি  হলো পঞ্চরত্ন মন্দির। ৬ ফুট উচ্চ  ভিত্তিবেদীর উপর মন্দিরটি অবস্থিত।  মন্দিরটির আয়তন দৈর্ঘ্যে  ও প্রস্থে  প্রায় ১৩ ফুট করে, উচ্চতা প্রায় ৩৫ ফুট। বর্তমানে মন্দিরটি জল্পেশ্বর মন্দির নামে  অধিক পরিচিত।  

পুরো স্থাপত্যটি ঠিক জপমালার মতো। সমগ্র সৃষ্টিটি এক অপূর্ব শিল্পসত্তা ও আধ্যাত্মিকতার মেলবন্ধনকে বহন করে চলেছে। 

বর্তমানে মন্দিরগুলির দায়িত্বে  রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষন (আর্কিওলজিক্যাল  সার্ভে অফ ইন্ডিয়া)।  মন্দিরে ঢোকার মুখে বিভাগের একটা নীল রঙের বোর্ডে এখানকার সম্পূর্ণ ইতিহাস লিখে রাখা রয়েছে। পুরাতত্ত্ব বিভাগ মন্দির চত্বরের মধ্যে একটা সুন্দর বাগান তৈরী করেছে।  এই বাগানের জন্য মন্দিরের সৌন্দর্য শতগুন বৃদ্ধি পেয়েছে। সমগ্র মন্দিরটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দিনের থেকে রাতে মন্দিরগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। চুপচাপ শুধু ইতিহাসকে অনুভব করে গেলাম। প্রায় আড়াইশো বছরের এক পৌরাণিক ও বাংলার এক শিল্পকলার অপূর্ব নিদর্শন দেখতে দেখতে আমি ইতিহাসের পাতায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এখানে ইতিহাসের সাথে অধ্যাত্বিকতা মিলেমিশে এক হয়ে গেছে।  এ যেন ইতিহাস ও আধ্যাতিকতার এক মেলবন্ধন, এ যেন বাংলা তথা ভারতের সংষ্কৃতির এক  জীবন্ত সাক্ষী। 


 আমাদের বাংলায় ঘোরার স্থানের কোনো অভাব নেই, শুধু একটু সন্ধান করতে পারলেই হলো। কলকাতা থেকে কালনা ঘুরতে যাওয়ার জন্য রাত্রিবাসের কোনো প্রয়োজন নেই।  সকালে বেরিয়ে সবকিছু দেখে রাতে অনায়াসেই ফিরে আসা যায়। এখানে আসলে বাংলার টেরাকোটার অপরূপ সৃষ্টির সাথে আপনার পরিচয় হবে তার  জন্য অবশ্যই একবার ঘুরে যান। 




কিভাবে যাবেন : 


হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে এসে নামবেন।  স্টেশনের বাইরে টোটো বা রিক্সা ভাড়া করে মন্দির চত্বরের আসতে পারবেন।  



ছবি ও  লেখার স্বত্ত  : সুদীপ্ত মুখার্জী 
তারিখ : ১২-১২-২০১৯

যোগাযোগ : ৯৮৩০৪২০৭৫০

➧ আমার এই লেখাটি ও ছবিটি  যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান      মতামত কমেন্টের  মাধ্যমে জানাবেন। পরবর্তী লেখাগুলো  পেতে  ব্লগটিকে ফলো করে রাখুন।